
ফাতেহ ডেস্ক:
সাইবার অপরাধের শিকার নারীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিট’ নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে। ওই ইউনিট চালাবেন নারী পুলিশ সদস্যরাই।
সোমবার রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনে আনুষ্ঠানিক এই ইউনিটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
সদর দফতরের এলআইসি শাখার অধীনে নতুন এই ইউনিটের কার্যক্রম চলবে। এর জন্য একটি ফেসবুক পেজ, ইমেইল আইডি ও হটলাইন চালু হয়েছে।
সাইবার অপরাধের শিকার যে কেউ – cybersupport.women@police.gov.bd মেইল করে বা হটলাইন- ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারে।
বেনজীর আহমেদ বলেন, নারী পুলিশ কর্মকর্তারাই এই ইউনিটে কাজ করবে। তারা সাইবার সংক্রান্ত অভিযোগের কল রিসিভ করবেন এবং ভুক্তভোগীকে তাৎক্ষণিক করণীয় ও সহায়তার পরামর্শ দেবেন।
সাইবার অপরাধ রোধে গণমানুষকে পুলিশের কাজে সহায়তা করতে আহ্বান জানান আইজিপি বেনজীর আহমেদ।
