বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে তুরস্ক আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মুসতফা ওসমান। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত।

মুসতফা ওসমান তুরান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী। তুরস্ক বাংলাদেশের পাট পণ্যের এক নম্বর ক্রেতা। তুরস্ক তৈরি পোশাকও বাংলাদেশ থেকে আমাদানি করে। এর ডিজাইন নিয়েও তার দেশ কাজ করতে আগ্রহী। ওষুধ আমদানির প্রচুর সুযোগ রয়েছে। ওষুধ শিল্পের মেশিনারিজ তুরস্ক সরবরাহ করতে পারে। কীভাবে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়ে কাজ করতে চায় তুরস্ক।

রাষ্ট্রদূত আরও বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে জয়েন্টভেঞ্চারেও কাজ করতে আগ্রহী। অ্যান্টিডাম্পিং প্রত্যাহার এবং তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার কমোনোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিভিন্ন জটিলতার কারণে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগে কিছু সমস্যা হচ্ছে। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক প্রদান করতে হচ্ছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সমস্যা চিহ্নিত করে, আলোচনার মাধমে তা সমাধান করা হলে বাণিজ্য বাড়ানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য বেশকিছু দেশের সঙ্গে বাংলাদেশ এফটিএ বা পিটিএ স্বাক্ষরের প্রক্রিয়া চালাচ্ছে। তুরস্কের সঙ্গেও বাংলাদেশের জয়েন্ট ইকোনমিক কমিশন রয়েছে। এ কমিশনকেও কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের আইসিটি, ওষুধ এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগ করলে তুরস্ক লাভবান হবে।’

আগের সংবাদনারীদের সাইবার হয়রানি রোধে পুলিশের নতুন ইউনিট উদ্বোধন
পরবর্তি সংবাদমসজিদুল আকসায় ঢুকতে ফিলিস্তিনি আলেমের ওপর ইজরাইলের নিষেধাজ্ঞা