
ফাতেহ ডেস্ক:
নির্বাচিত হওয়ার একদিন পর আনুষ্ঠানিক বক্তব্য দিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল সোমবার কক্সবাজারের ঐতিহ্যবাহী রামু চাকমারকুল আল-জামিয়া আল ইসলামীয়া দারুল উলূম মাদরাসার কর্তৃক আয়োজিত অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হেফাজতের লড়াই আওয়ামী লীগ-বিএনপির বিরুদ্ধে নয়, নাস্তিকের বিরুদ্ধে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, অনেকেই আমাদেরকে রাজনৈতিক দলের মতো বিবেচনা করার চেষ্টা করে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো রাজনীতি নয়। হেফাজতের জন্ম হয়েছে ইসলাম ও নবীর (সা.) সম্মান রক্ষার করার জন্য এবং আমরা এখনো সেই লক্ষ্যে অবিচল আছি। সবকিছু সহ্য করা সম্ভব, কিন্তু ইসলাম কিংবা নবীর ইজ্জতের ওপর কোনো আঘাত এলে তা সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, দেশের ক্ষমতায় কোন দল থাকলো তা নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই। বর্তমান সরকার আরো ১০০ কিংবা ৫০০ বছর ক্ষমতায় থাকুক, তা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করে কেউ এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারবে না।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হেফাজতে ইসলামের আমির নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে সংগঠনের মহাসচিব নির্বাচিত করা হয়েছে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল নূর হোসাইন কাসেমীকে।
