অন্ধকারে সিলেটের সাড়ে ৪ লাখ পরিবার

ফাতেহ ডেস্ক:

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপ-কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সাড়ে ৪ লাখের বেশি গ্রাহক। আজ মঙ্গলবার বেলা ১১টায় আগুনের ঘটনা ঘটলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রটি সচল হয়নি। ফলে আজ অন্ধকারেই থাকতে হচ্ছে গ্রাহক পরিবারগুলোকে।

এ বিষয়ে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, আগুনে কেন্দ্রটির দুটি ট্রান্সফরমার একেবারেই পুড়ে গেছে, বাকি দুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিড লাইনসহ অনেক যন্ত্রপাতিও পুড়ে গেছে। এগুলো সংস্কারের কাজ চলছে, কখন শেষ হবে তা বলা যাচ্ছে না।

এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার গ্রাহকরা বিদ্যুৎহীন পড়ে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ দুই জেলায় সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৪ বিক্রয় ও বিতরণ কেন্দ্র রয়েছে, যার আওতায় সাড়ে চার লাখ গ্রাহক।

দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ পরিবার। কখন বিদ্যুৎ মিলবে, তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

প্রকৌশলী মোকাম্মল হোসেন জনান, হঠাৎই ১২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে বিভিন্ন যন্ত্রাংশ। ঠিক কী কারণে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগেছে, তা ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল খতিয়ে দেখছে বলে জানান তিনি।

আগের সংবাদভাগ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ওবামা
পরবর্তি সংবাদ‘অধিকার হারা’ কাশ্মিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ভোট