
ফাতেহ ডেস্ক:
বিমান দুর্ঘটনায় (আকাশপথে পরিবহন দুর্ঘটনা) যাত্রী হতাহত হওয়া কিংবা ব্যাগেজ নষ্ট বা হারিয়ে যাওয়ার ক্ষতিপূরণ প্রায় ছয়গুণ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সংসদে পাস হওয়া ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০’-এ এমন বিধান রাখা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি প্রস্তাব আকারে তুললে কণ্ঠভোটে পাস হয়। নতুন আইনে বিমান দুর্ঘটনায় যাত্রী মারা গেলে বা আঘাত পেলে এক কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে। যা আগের আইনে ছিল ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।
যাত্রীর মৃত্যু হলে ক্ষতিপূরণের টাকা তার বৈধ প্রতিনিধিত্বকারীদের মাঝে ভাগ করা দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট উড়োজাহাজ কর্তৃপক্ষ বা বীমা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে বা আদালতে গিয়ে ক্ষতিপূরণ আদায় করা যাবে।
নতুন এ আইনে ফ্লাইট বিলম্ব হলে দায় ৫ হাজার ৭৩৪ ডলার করা হয়েছে, যা আগের আইনে ছিলো ২০ ডলার। ব্যাগেজ নষ্ট বা হারালে কেজিপ্রতি এক হাজার ৩৮১ ডলার করা হয়েছে, যা আগে ছিলো ২০ ডলার। কার্গো বিমানে মাল নষ্ট বা হারালে প্রতি কেজি ২৪ ডলার গুনতে হবে, যা পূর্বের আইনে ছিলো ২০ ডলার।
বিলের বিষয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিদ্যমান আইনে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ খুবই কম, আদায় পদ্ধতি অষ্পষ্ট, সময়সাপেক্ষ ও জটিল। এ কারণেই বিমান যাত্রীদের অধিকার সুরক্ষা ও মালামাল পরিবহনে ক্ষতিপূরণ প্রায় ৬ গুণ বাড়ানো এবং আদায় পদ্ধতি সহজ করা হয়েছে।
