বাসে আগুনের মামলায় বিএনপির ১২০ নেতা-কর্মীর জামিন

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সুলতান সালাউদ্দিন টুকু, ইশরাক হোসেন, এস এম জাহাঙ্গীরসহ ১২০ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার) দুপুরে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ৯টি স্থানে বাসে আগুন লাগানো হয়। ওই ঘটনায় করা পৃথক মামলায় আগাম জামিন নিতে সকালে হাইকোর্টে আসেন বিএনপি’র দেড় শতাধিক নেতাকর্মী। এসব মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ওই উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানি শেষে হাইকোর্ট বিএনপির মোট ১২০ নেতা-কর্মীর আগাম জামিন দেন।

উল্লেখ্য গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। এদিন রাজধানীর ৯টি স্থানে গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।

আগের সংবাদবিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে
পরবর্তি সংবাদসাইবার সিকিউরিটির প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প