রাত আটটার মধ্যে বন্ধ হবে দোকানপাট: মেয়র তাপস

ফাতেহ ডেস্ক:

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেনন, ‘আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত আটটার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট থেকে অনেকটা মুক্তি পাবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, সন্তানদের সময় দিতে পারব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আজ বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে কবে থেকে এটি কার্যকর হবে, এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি ডিএসসিসির মেয়র।

মেয়র তাপস বলেন, ‘বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা—বিভিন্ন ক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব।’

মেয়র আরও বলেন, ‘আমাদের সন্তানদের যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সব পিতামাতার সন্তানের সঙ্গে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই, সেটা খেয়াল করি না। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তোবা আমরা ঘুমিয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানদের সঙ্গে সময় দেওয়া যেকোনো জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।’

আগের সংবাদতিতাসের পাড়ে, শিক্ষা ও সংস্কৃতির শহরে
পরবর্তি সংবাদপূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণ অবৈধ: রাশিয়া