
ফাতেহ ডেস্ক:
ভারতের গুজরাটের ভদোদরা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সুরাটের ভারাচা এলাকার বাসিন্দা। তারা মিনি ট্রাকে পঞ্চমহলের পাবগড়ে ধর্মীয় স্থানে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, মিনি ট্রাকটি ২৫ জন লোক নিয়ে পঞ্চমহল জেলায় যাচ্ছিল। গতকাল মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি শোক জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসুস্থদের স্থানীয় সিভিল লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানান, উদ্ধার তৎপরতা চালাতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
