রাহমাতুল্লিল আলামিন সিরাত কনফারেন্স করতে দেয়নি প্রশাসন

ফাতেহ ডেস্ক:

রাজধানী ঢাকায় একটি সিরাত কনফারেন্সে প্রশাসনিক বাধার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাহমাতুল্লিল আলামিন সিরাত কনফারেন্স হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল।

কনফারেন্স সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভাড়া প্রদান, ডেকোরেশন মাইক ফিট করার পরেও ঢুকতে দেয়নি প্রশাসন। প্রশাসনিক বাধার মুখে পরবর্তীতে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন কনফারেন্সের আয়োজকরা।

বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে ঐতিহাসিক সাত মসজিদ প্রাঙ্গণে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে হেফাজত ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, আপনি সিরাতুন্নাবী সা. প্রোগ্রামে বাধা দিয়ে আপনি নিজে বিপদে পড়বেন না। আমাদের জনগনের ও তৌহিদী জনতার মনের ভাব বুঝতে হবে আপনাকে। দাবি-দাওয়া বুঝতে হবে। আমরা আপনার সচিবালয় দখল করার জন্য কিংবা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আন্দোলন করছি না। ওলামায়ে হকের কাছে এই জাতীয় সংসদের কোনো দামই নেই, কোন মূল্যই নেই। যে ওলামায়ে হকের সামনে কোরআন শরীফ আছে। বোখারী শরীফ আছে। ওলামায়ে হকের কাছে কোরআন শরীফ, বোখারী শরীফ, মুসলিম শরীফ এর দাম দুনিয়ার ক্ষমতার চেয়ে কোটি গুণ বেশি।

তিনি বলেন, আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের দুশমন নই। আমরা সরকারের শত্রু নই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছে তারাই সরকারের প্রধান শত্রু। আমি আগেও বলেছি বাংলাদেশের সরকার একশত বছর থাকুক কিন্তু ইসলামের ওপর হাত দিতে পারবে না। সরকারকে ইসলামের শত্রুরা এ কথা সে কথা বলে তিনটি মাহফিল আজকে (বৃহস্পতিবার) বন্ধ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, এছাড়াও আজ মাদারীপুরের ওলামা সম্মেলন ও কুমিল্লা দয়াপুরে হেফাজত ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরীর মাহফিলে প্রশাসনিক বাধার খবর পাওয়া গেছে। প্রশাসনিক বাধার মুখে পড়া সবগুলো অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলামের নব নিবার্চিত আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী।

আগের সংবাদদেশে ফের বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত
পরবর্তি সংবাদআল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের জন্যই হেফজতে ইসলাম: আল্লামা বাবুনগরী