
ফাতেহ ডেস্ক:
আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, ইসলামের জন্যই হেফজতে ইসলাম, ইসলাম মাইনাস করে দেশ চলতে পারেনা, চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ বৃহস্পতিবার বাদ আসর ঐতিহাসিক সাত মসজিদ প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, এদেশে ইসলাম কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? এদেশের কোন ইসলামী সমাবেশ, শানে রেসালতের কোনো সমাবেশ বন্ধ করা যাবে না। সরকারকে ইসলামের শত্রুরা এ কথা সে কথা বলিয়া তিনটি মাহফিল আজকে বন্ধ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে ইসলামকে মাইনাস করে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ চলতে দেয়া হবে না।
এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে ও ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটি ও মানুষ ইসলামের সাথে জড়িত। যতদিন একজন মুসলমান থাকবে ততদিন এদেশে হেফাজতে ইসলামও থাকবে। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজতে ইসলাম সরকার বিরোধী আন্দোলনও নয়, আবার সরকারদলীয় আন্দোলনও নয়। আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা এসেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এজেন্ডা বাস্তবায়নের জন্য।হেফাজতে ইসলামের এজেন্ডাই এটা।
তিনি বলেন, (আমি আশা করবো) মাননীয় সরকারের প্রতি অনুরোধ করছি, আপনি সিরাতুন্নাবী সা. প্রোগ্রামে বাধা দিয়ে আপনি নিজে বিপদে পড়বেন না। আমাদের জনগনের ও তৌহিদী জনতার মনের ভাব বুঝতে হবে আপনাকে। দাবি-দাওয়া বুঝতে হবে। আমরা আপনার সচিবালয় দখল করার জন্য কিংবা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আন্দোলন করছি না। ওলামায়ে হকের কাছে এই জাতীয় সংসদের কোনো দামই নেই, কোন মূল্যই নেই। যে ওলামায়ে হকের সামনে কোরআন শরীফ আছে। বোখারী শরীফ আছে। ওলামায়ে হকের কাছে কোরআন শরীফ, বোখারী শরীফ, মুসলিম শরীফ এর দাম দুনিয়ার ক্ষমতার চেয়ে কোটি গুণ বেশি।
এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি ছিলেন হেফাজতের উপদেষ্টা মাওলানা আবুল কালাম। তিনি ছাড়াও হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফুজ্জান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিনসহ আরো অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন।
