সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে ব্যঙ্গ ও বিদ্রুপ : কী বলছেন একটিভিস্টরা ?

 ওমর ফারুক:

ধর্মীয় পরিসরে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক ব্যঙ্গ-বিদ্রুপ ও একে অপরের প্রতি অসম্মানের প্রবণতা  ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এতে আক্রান্ত হচ্ছেন মুরুব্বি শ্রেণীর আলেম-ওলামা ও নেতৃপর্যায়ের লোকেরা। এর থেকে বাদ যাচ্ছেননা আক্রমণকারীদের নিজ শিক্ষকরাও। সামান্য ভুল কিংবা বক্তব্যের হেরফের হলেই তাৎক্ষণিক পোষ্টের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তরুণ প্রজন্মের অনেকেই।

যে কথাগুলো সরাসরি শিক্ষক বা বড়দের বলার সাহস নাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে  অবলীলায় সে কথাগুলো বলতে কুণ্ঠা বোধ করছে না অনেকে। একে অপরের প্রতি গালমন্দ কিংবা কট্টর সমালোচনাও সীমানা ছাড়িয়ে যাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন  কর্ণধারদের অনেকেই। একেই কী বলে বাক স্বাধীনতা নাকি এটা বেয়াদবি প্রকাশের নতুন রূপ অথবা বড়রাই কি নিজেদের কর্মকাণ্ডের  মাধ্যমে তরুণদের এ পথে নামতে বাধ্য করছেন? এ নিয়ে কথা হয় দেশের  ধর্মীয় পরিসরের কয়েকজন বিশিষ্ট অনলাইন একটিভিস্টের সঙ্গে।

‘সচেতনতা বাড়ানো দরকার’  

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তার প্রত্যাশায় তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহারে উৎসাহিত হয়ে পড়েছে। বিষয়টি অনেক সহজলভ্য  হওয়ায় তারা এতে ভালোভাবেই জড়িয়ে পড়ছে। বাড়ছে সেলিব্রেটি হওয়ার প্রবণতা। আর এ জন্য তারা বিষয়বস্তু হিসেবে বেছে নিচ্ছে অন্যের সমালোচনা ও বিতর্কিত পোস্ট। কেননা বিতর্কিত ও সমালোচনামূলক পোস্টে যে লাইক-কমেন্টস পড়বে, গঠনমূলক আলোচনায় সে তুলনায় অনেক কম আসবে। ফলে যে পথে সহজে সেলিব্রেটি হওয়া যাবে, সে পথটাকেই তারা ব্যবহার করছে। এ পথ থেকে তরুণদের বের করে নিয়ে আসতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বড়রাও তাদের গণ্ডির মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে হবে।

‘গঠনমূলক কাজে বাড়াতে হবে মনোযোগ’

লেখক ও অনলাইন একটিভিস্ট সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম উম্মুক্ত প্লাটফর্ম হওয়ায় তরুণদের অনেকে একে ভুলভাবে ব্যবহার করছে। যে কথাগুলো তারা বড়দের সামনে প্রকাশ্যে বলতে পারে না, সে কথাগুলোই তারা অবলীলায় অনলাইনে লিখছে। অথচ সাক্ষাতে হাত বাড়াতেও তারা দ্বিধা করে না। এমন সমালোচনামূলক মানসিকতার পেছনে শিক্ষারও একটা প্রভাব রয়েছে।

‘ইমামদের মাঝে মাসআলাগত মতপার্থক্য নিয়ে নিজের মাজহাবকে শক্তিশালী প্রমাণ করতে  তাদের যে যুক্তিতর্ক উত্থাপন করতে হয়, সে প্রভাবটা বাস্তব জীবনেও এসে পড়ছে। এতে করে নিজের দলই সঠিক বা নিজের প্রতিষ্ঠানই সেরা এমন একটি প্রবণতা তাদের মাঝে কাজ করে। এ থেকে বেরিয়ে আসতে হলে পরমতসহিঞ্চু হতে হবে আমাদের। ভাইরাল ও সেলিব্রেটি হওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। বরং গঠনমূলক  কাজে মনোযোগ বাড়ানোও প্রয়োজন। তাদের সামনে খুলে দিতে হবে উম্মুক্ত পাঠের জানালা।’ সালাহউদ্দীন জাহাঙ্গীর  বলেন।

‘বড়রাও এর জন্য দায়ী’

তবে এর জন্য কিছুটা বড়দেরকেও দায়ী করেছেন লেখক ও অনলাইন একটিভিস্ট জাকির মাহদিন। তিনি বলেন, তরুণরা এ থেকে কীভাবে বেরিয়ে আসবে, বড়রাই তো তরুণদের এ পথে উস্কে দিচ্ছে। বড়দের মধ্যে অনেকের বক্তব্য ও কর্মকাণ্ড থেকেই তরুণরা সুযোগ পেয়ে যায়। মুরুব্বিদের কারো কারো বয়ান, বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মের অপব্যবহারও করছেন কেউকেউ। ভোটকে জান্নাতের টিকেট ও নবী সা. এর সম্পর্কিত করা হচ্ছে।  তরুণদেরকে নিজ উদ্যোগেই নতুন পথের সূচনা করতে হবে। ইসলামের জন্য দল মতের উর্দ্ধে উঠে কিছু মানুষকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আদর্শ স্থাপন করতে হবে। কিছু প্রতিষ্ঠানকেও এদিকে মনোযোগ দিতে হবে। এর জন্য শত শত প্রতিষ্ঠান বা কর্মী থাকার দরকার নেই। যদি হয়, তাহলে উত্তম। তবে কিছু মানুষ হলেই এক্ষেত্রে কাফি। অনেকটা ফরজে কেফায়ার মতো।

“এর কোন একক ব্যাখ্যা নেই’  

সহকর্মী জুনায়েদ ইশতিয়াককে প্রশ্ন করলে তিনি বলেন, এর কোন একক ব্যাখ্যা নেই। এতে অনেকের দায় আছে। অনেক কিছু এর সাথে জড়িত। তবে প্রতিবাদ ও ব্যঙ্গ-বিদ্রুপ, এ দুটিকে আলাদাভাবে দেখতে হবে। আপনার যদি কোন নৈতিক অবস্থান থাকে, যুক্তি থাকে ও ভাষা ব্যবহারে সচেতনতা থাকে, তাহলে একে ব্যঙ্গ-বিদ্রুপ বলা যাবেনা। বরং প্রতিবাদ ও পর্যালোচনা হিসেবে দেখতে হবে। ইতিবাচক হিসেবেই দেখতে হবে। কেননা যাদের নৈতিক অবস্থান ও যুক্তি আছে, তারা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নন। ফলে প্রতিবাদ এই সময়ের একটা স্বাভাবিক ঘটনা।

তবে যদি নৈতিক অবস্থান,যুক্তি না থাকে বা অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, তবে তাকে  ব্যঙ্গ-বিদ্রুপ হিসেবেই দেখতে হবে। এর কারণ অসন্তোষ ও হতাশা। আমাদের সমাজ তরুণদের শান্তনা ও প্রতিশ্রুতি দেখাতে ব্যর্থ হচ্ছে। সৃষ্টি হচ্ছে ক্লান্তি। এবং তার পরিণামে ব্যঙ্গ-বিদ্রুপ। তবে এর কোন ইতিবাচক ফলাফল নেই। যারা এর সাথে জড়িত, তাদের এই পথ পরিহার করা উচিত। কেননা এটা একটা দুষ্টচক্র। এক সময় এর প্রতিক্রিয়া নেতি-সমালোচনাকারীর দিকেই ফিরে আসবে।

আগের সংবাদপ্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা আজ, ব্যাপক প্রস্তুতি আ.লীগের
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে রাজধানীর ট্রাফিক নির্দেশনা