
ফাতেহ ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভায় কারা কারা থাকবেন তার প্রথম তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করতে পারেন। হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা রন ক্লেইন বিষয়টি জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে সাক্ষাতকার দেন রন ক্লেইন। এ সময় তিনি বলেন, ‘আপনারা আগামী মঙ্গলবার প্রথম মন্ত্রিসভা বাছাই দেখতে পারবেন। আপনি যদি মন্ত্রিসভায় কে বা কারা থাকবেন তা যদি জানতে চান তবে মঙ্গলবার নবনির্বাচিত প্রেসিডেন্ট কী বলেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এদিকে, গত সপ্তাহে এক সংবাদমাধ্যমকে বাইডেন জানিয়েছেন তিনি এমন একটি মন্ত্রিপরিষদ গঠন করবেন যাতে যুক্তরাষ্ট্রের বৈচিত্র ফুটে ওঠে। ইতিমধ্যে তিনি অর্থ সচিবকে ঠিক করে ফেলেছেন। তিনি বলেছেন, ‘আমরা এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনারা এ পদে এমন একজনকে দেখবেন যার মধ্যে ডেমোক্রেটিক পার্টির সকল বৈশিষ্ট্য রয়েছে।’
মন্ত্রিপরিষদে বাইডেনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন সাবেক ফেডারেল চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন, বর্তমান ফেডারেল গভর্নর লায়েল ব্রেইনার্ড, সাবেক ফেডারেল গভর্নর সারাহ ব্লুম রাসকিন এবং আটলান্টার ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট রাফায়েল বস্টিক।
