জুয়েল হত্যা: ৪ আসামির রিমান্ড মঞ্জুর

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েলকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামির দু দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রোববার (৬ ডিসেম্বর) রিমান্ডের আবেদন শুনানি শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ডের আসামিরা হলেন, আমির হোসেন (৩০), মোতাহার হেসেন (২১), বিপ্লব হোসেন (১৯) ও আতিয়ার রহমান (৩৫)।

শনিবার (৫ ডিসেম্বর) জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এখন পর্যন্ত ডিবি পুলিশ এই চার জনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইনচার্জ মো. ওমর ফারুক সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করে জানান, আমরা অন্য আসামিদের গ্রেফতারের জোড় তৎপরতা অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে মামলা হস্তান্তর করা হয় ডিবিতে।

আগের সংবাদযে কারণে একজোট পাকিস্তান-চীন
পরবর্তি সংবাদবিশ্বে করোনায় একদিনে ১০ হাজার মৃত্যু