রহস্যময় রোগে আক্রান্ত হয়ে ভারতে হাসপাতালে ৩০০ জন

ফাতেহ ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশে রহস্যময় একটি রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। একজন মারা গেছেন। ঠিক কী কারণে এত মানুষ অসুস্থ হচ্ছেন, সে বিষয়ে প্রশাসন থেকে তদন্তে নামা হয়েছে।

রাজ্যের পশ্চিম গোদাবরি জেলার ইলুরু শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরা ইলুরু শহরের বিভিন্ন অংশের বাসিন্দা। তাদের মধ্যে পাওয়া লক্ষণগুলো কিছুটা মৃগী রোগের মতো। এরা কেউ স্বজন কিংবা একই অনুষ্ঠানে যোগদানকারী নয়।

প্রাথমিক চিকিৎসার পর ৭০ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের এখনো চিকিৎসা চলছে। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। ছয় বছরের এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিজয়াওয়াদা শহরে পাঠানো হয়েছে।

চিকিৎসক দল ইলুরু শহর পরিদর্শন করেছেন এবং তারা আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষায় সবকিছুই স্বাভাবিক পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী আল্লা নানি জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইলুরুতে ১৫০ ও বিজয়াওয়াদাতে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

আগের সংবাদএটাই শেষ আলোচনা, আল্টিমেটাম কৃষকদের
পরবর্তি সংবাদকরোনায় এক দশকে দরিদ্র হবে আরো ২০ কোটি মানুষ: জাতিসংঘ