‘ভাস্কর্য ইস্যুতে আইন হাতে তুলে নেয়ার কোনো কথা আমি কস্মিনকালেও বলিনি’

ফাতেহ ডেস্ক:

আইন হাতে তুলে নেয়ার কোনো কথা আমি কস্মিনকালেও বলিনি। ভাস্কর্য ভাঙ্গার মতো কোনো বক্তব্য আমি দেইনি। আমার বক্তব্য থেকে উৎসাহিত হয়ে ভাঙ্কর্য ভাঙ্গতে পারে! এমন কোনো কিছু আমি কখনোই বলিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ সোমবার বাদ মাগরিব (৭ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজের এক লাইভে এসব কথা বলেন তিনি।

লাইভে তিনি বলেন, ‘কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়।’

তিনি বলেন, ‘ভাস্কর্য ভাঙ্গার সাথে কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমি অত্যন্ত দ্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনো বক্তব্যের মাধ্যমে অথবা আমার কোথাও কোনো কথায় এভাবে আইন হাতে তুলে নেয়ার কোনো কথা আমি কস্মিনকালেও বলিনি। দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি এমনটা কখনো করতে পারে না।’

আমার বক্তব্য স্পষ্ট, ‘ইসলামী দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম-সেটা যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিয়েছি। এবং আমরা আমাদের বক্তব্যে একথা স্পষ্ট করে দিয়েছি, যদি আল্লাহপাক কখনো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরীয়ার আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।’

মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, ‘সারা দেশে যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রবণতা শুরু হয়েছে। আমরা ভাস্কর্য নির্মাণের বিষয়ে দ্বিমত করি। কোরআন সুন্নাহর আলোকে তা নাজায়েজ। মরহুম ব্যক্তিদের সম্মান ও মর্যাদার দৃষ্টিকোণ থেকে মনে করি যত্রতত্র ভাস্কর্য নির্মাণে এই ব্যক্তিদের সম্মানহানি হবে। যত্রতত্র এ ধরনের ভাস্কর্য করলে মানুষের মল-মূত্র ত্যাগ হবে, সেখানে মাথার উপর বিভিন্ন পাখি মলত্যাগ করবে, নানা ধরনের অসামাজিক কাজের আখড়া জমে যেতে পারে। যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য করলে সম্মান বৃদ্ধি হবে না, সম্মানহানির পরিবেশ তৈরি হবে।’

উল্লেখ্য, আজ সোমবার দুপুরে ঢাকার একটি আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করে মাওলানা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল।

আগের সংবাদভাস্কর্যের বিকল্প ‘মুজিব মিনার’ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান
পরবর্তি সংবাদহবিগঞ্জে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৮