
ফাতেহ ডেস্ক:
ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও যেসব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে, তার মধ্যে মরক্কো একটি। যথারীতি এক্ষেত্রেও মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। দু’দেশ থেকেই সম্পর্কের ঘোষণা আসলেও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল বর্তমানে মরক্কো অবস্থান করছেন।
গতকাল মঙ্গলবার মরক্কোয় পৌঁছানো প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জ্যারেড কুশনার। দলটির সঙ্গে একাধিক বৈঠক করেছেন মরক্কোর শীর্ষ কর্তাব্যক্তিরা। সম্পর্ক স্বাভাবিকের চুক্তি ছাড়াও পারসস্পরিক সহযোগিতার জন্য আরো কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
মূলত ট্রাম্পের দেয়া লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলতে পারেননি মরক্কোর বাদশাহ। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে পশ্চিম সাহারার ওপর মরক্কোর আধিপত্যের স্বীকৃতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে মরক্কো। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এখন সেটা পুরোপুরি মরক্কোর অধীনে চলে আসার কথা।
