ফোনালাপ ফাঁস: নির্বাচন কর্মকর্তাকে ফল পাল্টাতে চাপ দিয়েছেন ট্রাম্প

ফাতেহ ডেস্ক:

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফাঁস করা একটি ফোনালাপ ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের একজন শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে পর্যাপ্ত ভোট ‘খুঁজে দিতে’ বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার শুধু ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করা দরকার।’

ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারজারের মধ্যে দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট জো বাইডেন ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। গত শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারজারকে ফোন করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই নির্বাচনি কর্মকর্তাকে যেকোনোভাবে ভোটের ফল তাঁর পক্ষে দেখাতে চাপ দেন। তবে ব্র্যাড অবশ্য ট্রাম্পের কথায় সাড়া দেননি। ব্র্যাড প্রেসিডেন্টকে বলেন, ‘জর্জিয়ার ভোটের ফলাফল ঠিক আছে।’

এদিকে ট্রাম্প দাবি করেন, তিনি জর্জিয়ায় ভোটে জিতেছেন। র‍্যাফেনস্পারজারকে ট্রাম্প বলেন, ‘আপনাকে তো ভোট গণনা করতে বললে কোনো ভুল হবে না।’

র‍্যাফেনস্পারজার এর জবাবে বলেন, ‘প্রেসিডেন্ট মহোদয়, সমস্যা হলো আপনার হাতে থাকা তথ্য ভুল।’

আগের সংবাদমেহেরপুরে স্ত্রী হত্যায় স্বামী-প্রথম স্ত্রীর ফাঁসির দণ্ড
পরবর্তি সংবাদভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা, আশা ছাড়ছেন না স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী