মাদক উদ্ধার অভিযানে হামলা, র‌্যাব সদস্যসহ আহত ৫

ফাতেহ ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীসহ তাদের লোকজন।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে, ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মেহেরগাঁওয়ে এ ঘটনা ঘটে। এসময় ২ র‌্যাব সদস্যকে কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১২টার দিকে মেহেরগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনার সময়ে আক্তার মিয়া ও তার ছেলে তোফাজ্জল হোসেন শাকিলসহ ১০/১২ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের অস্ত্রের আঘাতে মাসুদুর রহমান, গাড়িচালক আপন বড়ুয়া আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্য মাসুদুর রহমান পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছুঁড়েন। এতে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক ও র‌্যাব অ্যাসল্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আগের সংবাদ‘অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিয়েছে সরকার’
পরবর্তি সংবাদবিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪