বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক:

নববর্ষ উপলক্ষে রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদপান করে পাঁচ যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার (৩ জানুয়ারি) রাতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার পবিত্র সিংয়ের ছেলে পরিমল সিং (৬০), হাসেম আলীর ছেলে সাজু (৩০), পরিতোষ সিংয়ের ছেলে বাপ্পা সিং (২৮) ও রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার আব্দুর রউফ মতিনের ছেলে ইফতেখার হোসেন সুমন (৫০)।

আজ সোমবার (৪ জানুয়ারি) নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারি কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিট, রঙ ও অন্যান্য উপকরণ মিশিয়ে নকল মদ করে বিক্রি করছিলো তারা। ৩১ ডিসেম্বর রাতে এই নকল মদ খেয়ে ৫ জন মারা যান। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছ থেকে মদের খালি বোতল, এক বোতল টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ, এক বোতল তেঁতুলের বিচি, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রঙ, ২৯টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১টি কর্কের নিব ও ৫০টি কর্কের প্রটেকশন ও দুই বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

আগের সংবাদমাদক উদ্ধার অভিযানে হামলা, র‌্যাব সদস্যসহ আহত ৫
পরবর্তি সংবাদইজরাইলের সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি