পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং সেবা চালু করল স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল ব্যাংক

ফাতেহ ডেস্ক:

নতুন বছরে স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল ব্যাংক নতুন বছরে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং সেবা চালু করছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক গত ৩১ ডিসেম্বর পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন বছরের জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামি ধারায় ব্যাংকে রূপান্তর করা হলো। আর এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে ‘গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড’ করা হলো।

এনআরবি গ্লোবাল ব্যাংক ছিল প্রবাসীদের উদ্যোগে গঠিত একটি ব্যাংক। বর্তমানে ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে।

দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ১৯৯৯ সালের ৩ জুন কার্যক্রম শুরু করে। সারা দেশে ব্যাংকটির রয়েছে ১৩৮টি শাখা। গ্রাহক প্রায় ৭ লাখ। গত সেপ্টেম্বর পর্যন্ত ঋণ ছিল ১৫ হাজার ৭৮৯ কোটি টাকা। ব্যাংকটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। গত বছরের শুরুতে পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকে রূপান্তরিত হওয়ার অনুমতি পায় এনআরবি গ্লোবাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

এ ছাড়া কনভেনশনাল বা সাধারণ ব্যাংকিং করা যমুনা ব্যাংকও ইসলামি ব্যাংকিংয়ে রূপান্তর হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে।

ব্যাংক তিনটি পুরোপুরি ইসলামি ধারার কার্যক্রম শুরু করলে দেশে ইসলামি ধারার ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১টিতে। ইসলামি ব্যাংকিং চালু করতে ১০টির বেশি আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে। বাকি কনভেনশনাল ব্যাংকগুলোও ইসলামি ব্যাংকিংয়ের প্রতি গুরুত্ব বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগের দিক থেকে এক চতুর্থাংশই ইসলামি ব্যাংকিংয়ে দখলে।

আগের সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৭৮, মৃত্যু ১৭
পরবর্তি সংবাদকাশ্মীরে গণভোটের আহ্বান পাকিস্তানে মানবাধিকারকর্মীদের