
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেছেন, বিজেপি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তাদের নেতা মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
ডা. কাকলি ঘোষ দস্তিদার বিজেপিকে ‘পর্যটকের দল’ বলে কটাক্ষ করে বলেন, ‘এই যে যারা ‘পর্যটকের দল’ মাঝে মাঝে আসেন, সারা বাংলাকে যেমন তারা চেনেন নে, তেমনি উত্তর ২৪ পরগণার মাটিকেও তারা জানেন না। এখানে তিতুমীর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি (বিজেপি) স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। অধিকন্তু তাদের নেতা মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে মুক্তি পেয়েছিলেন। যে জাতীয় দল ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদের আজকে ক্ষমতা দখলের জন্য বাইরের থেকে পর্যটকের মতো এসে বাংলাকে অপমান করার কোনও অধিকার নেই।’
ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি নামক একটা দল, অপেক্ষাকৃত অল্প বয়সী দল। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল যেভাবে ভারতবর্ষ পরিচালনা করছেন ২০১৪ সাল থেকে, তাতে ভারতের অর্থনীতি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, আইনের শাসন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। কোথাও উন্নয়নের ছিটেফোঁটাও নেই। এবং মানুষের স্বার্থে কাজ না করে ভারতীয় জনগণের জীবনের মানোন্নয়নে ব্রতী না হয়ে যেনতেন প্রকারে তারা ক্ষমতা দখল করার একটা নির্মম খেলায় মেতে উঠেছে! সেই নির্মম খেলাটা যদি হয় খুন করে, তাহলে বিজেপি খুন করবে! যদি হয় ধর্মে ধর্মে বিবাদ বাধিয়ে, বিজেপি তাই করবে! যদি হয় দেশে আগুন লাগিয়ে, দাঙ্গা করে, বিজেপি ক্ষমতা দখলের স্বার্থে দাঙ্গা বাধাবে!’
ভারত সরকার যে তিনটি কৃষি আইন এনেছে, যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সিঙ্ঘু সীমান্তে ইতোমধ্যেই ৪৫/৪৬ জন মারা গেছেন, ওই আইনগুলো কৃষক বিরোধী বলেও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি মন্তব্য করেন।
সূত্র: পার্সটুডে
