
ফাতেহ ডেস্ক:
চাঁদপুরের তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসায় হামলা, ভাংচুর, মাদরাসার অফিসে লুটপাট ও শিশুদের ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক-এর নেতৃত্বে একটি টিম পরিদর্শন শেষে পর্যালোচনা করার পর তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, মাদরাসা শিক্ষক কুরআনের হাফেজ মাওলানা ওমর ফারুক-এর ওপর অতর্কিত হামলা করা হয়েছে। ন্যাক্কারজনক এই হামলাকারীদের আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে বিচারের আওতায় আনা জরুরি। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মামলার আপেক্ষিক বিষয়ে সুষ্ঠু বিচারও কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত (৬ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক-এর প্রতিনিধি টিম কচুয়া এলাকার হামলা হওয়া রহিমানগরের এ মাদরাসা পরিদর্শনে যায়। বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান-এর পরামর্শে ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক-এর নেতৃত্বে বেফাকের প্রতিনিধিদল এ পরিদর্শনে যান।
