সাঈদ খোকনকে বহিষ্কারের দাবি

ফাতেহ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আজ রোববার আওয়ামীপন্থী আইনজীবীরা বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি করা হয়। এ সময় সাঈদ খোকনের বিরুদ্ধে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন।

এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন মেহেদী। আর এটি সঞ্চালনা করেন আইনজীবী একেএম তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির।

এ ছাড়া সুপ্রিম কোর্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ বাকের উদ্দিন ভূঁইয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল মফিজ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল হাসিনা মমতাজ, ব্যারিস্টার মো. সাজ্জাদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, নূরে আলম উজ্জ্বল, আবুল কালাম আজাদ, শেখ মোহাম্মদ মাজু, মো. ফরাজি, আব্দুর রাজ্জাক রাজু, অপূর্ব কুমার ভট্টাচার্জ, তাসনিম সিদ্দিকী লিনা, শামীম সরদার, মোছা পরভীন আক্তার, ঢাকা দক্ষিণের আওয়ামী আইন বিষয়ক উপদেষ্টা জগলুল কবির, মহি উদ্দিন আহমেদ এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান ও আবু হানিফ প্রমুখ বক্তব্য দেন।

গত শনিবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও প্লেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন সাঈদ খোকন। এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সম্পর্কে নেতিবাচক বক্তব্য দেন। বলেন, ডিএসসিসির মেয়র পদে থাকার যোগ্য নন তিনি।

এদিকে, আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ ফজলে নূর তাপস সাঈদ খোকন সম্পর্কে বলেন, ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কেউ যদি কোনো কিছু বলে থাকেন, আমি দায়িত্বশীল পদে থেকে সেটার জবাব দেয়াটা সমীচীন মনে করি না।

আগের সংবাদআর নোটিশ নয়, সরাসরি উচ্ছেদ
পরবর্তি সংবাদগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তুরস্ক: এরদোগান