কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কাবুল পুলিশ জানিয়েছে, রবিবার সকালে ওই দুই নারী বিচারক গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় হামলার শিকার হন। খবর বিবিসি।

তাদের লক্ষ্য করে গুলি চালায় এক দল বন্দুকধারী। শহরের কেন্দ্রস্থলে এমন হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও।

বিচারক নিহতের বিষয়টি স্বীকার করে নিয়েছে আফগান প্রশাসন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানান, নিহতরা সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন।

দেশটির সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম এক বিবৃতিতে জানিয়েছেন, কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা ২ নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

তথ্য মতে, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন।

এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আগের সংবাদদরিদ্র-রোহিঙ্গাদের জন্য ৩০ হাজার ঝুড়ি খাবার পাঠালেন সৌদি বাদশা
পরবর্তি সংবাদবগুড়ায় মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার