পম্পেওর বক্তব্যের তীব্র সমালোচনা, ইরানের পাশে পাকিস্তান

ফাতেহ ডেস্ক:

আল কায়েদার সঙ্গে ইরানের যোগসাজশ রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের প্রতিবাদ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ বিশ্বাসযোগ্য নয় এবং বিশ্ববাসী এমন অভিযোগ গ্রহণ করবে না। খবর তেহরান টাইমসের।

ইজরাইলের সন্তুষ্টি অর্জনের জন্য এটি মার্কিনীদের বিপজ্জনক প্রচেষ্টা বলেও মন্তব্য করেন ইমরান খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ইমরান বলেন, পম্পেও নিয়ম অনুযায়ী তার মন্ত্রিত্বের শেষ পর্যায়ে রয়েছেন এবং বর্তমান মার্কিন সরকারের মেয়াদও শেষ হয়ে এসেছে। নিঃসন্দেহে তার এই বক্তব্য ইজরাইলকে সন্তুষ্ট করার জন্য। তিনি ২০২৪ সালে নির্বাচন করতে চান। আর এভাবে তিনি ইহুদিবাদী লবির সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ট্রাম্প প্রশাসনের পুরো পররাষ্ট্রনীতিই ছিলো ইজরাইলের সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে ফোকাস করে।

ইমরান খান বলেন, ইরানের মতো পৃথিবীর আর কোনো দেশ এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। এ কারণেই দেশটিকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, যেমনটা ইরাক এবং সিরিয়ায় করেছে।

গত ১২ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে আল কায়েদার নতুন ঘাঁটি বলে দাবি করেন। তেহরানের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে, পম্পেওর এমন অভিযোগকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

পম্পেও দাবি করেন, আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির সহকারীরা বর্তমানে ইরানে অবস্থান করছেন। তবে, নিজের এমন বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

পম্পেও বলেন, আল কায়েদার মূল ভূখণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে ইরান। তারা সেখানে আফগানিস্তানের মতো লুকিয়ে নেই। তাদেরকে নিরাপত্তা দিচ্ছে ইরান সরকার। আমাদের অবশ্যই তাদের মোকাবিলা করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, জেনেশুনে মিথ্যাচার করছেন পম্পেও। ইরানে আল কায়েদার কোনো ঠাঁই নেই বলেও দাবি করেন তিনি।

আগের সংবাদনির্বাচনে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ : বিএনপি
পরবর্তি সংবাদমোদিকে দাওয়াত দিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব