নির্বাচিত কাউন্সিলরের মৃত্যু দুঃখজনক: ওবায়েদুল কাদের

ফাতেহ ডেস্ক:

বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা করার সাথে সাথেই প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা করে। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গতকাল দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনে এমন ঘটনা ঘটে সিরাজগঞ্জে। একদিন পর এসে তার জন্য দু:খ প্রকাশ করলেন ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে চার দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, এটা খুবই দু:খজনক ঘটনা। সারাদেশের শান্তিপূর্ণ ভোটের মধ্যে এটা একটা কালো দাগের মতো। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি, পরবর্তী নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর আরো কঠোর ভূমিকা প্রত্যাশা করছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে নির্বাচন মানেই ছিল সংঘর্ষ আর সহিংসতা। এখন সেটা নেই বললেই চলে। মানুষ এখন হাসিমুখে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। সংঘাতের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ্বিতীয় দফায় মোট ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৪৬ জন প্রার্থী জয়লাভ করেন। বিএনপি থেকে জয় পেয়েছেন ৪ জন। বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৫ জন এবং বিএনপির ১ জন জয়ী হয়েছেন। এছাড়া ১ জন করে জয় পেয়েছেন জাতীয় পার্টি ও জাসদ থেকে। একটি পৌরসভার (কিশোরগঞ্জ) ভোট স্থগিত করা হয়।

আগের সংবাদদেশে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৯৭
পরবর্তি সংবাদভারতে ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া, যা বললেন বিজ্ঞানী