ফিলিস্তিনে আড়াই হাজার বসতি স্থাপনের দরপত্র আহবান ইজরাইলের

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইল অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে আড়াই হাজার বসতি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের প্রাক্কালে তারা এটি আহ্বান করলো।

বুধবার একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মার্চের নির্বাচনের আগে পশ্চিম তীরে নতুন করে ৭৮০ ইউনিট বসতি স্থাপনে ইজরাইল রোববার অনুমোদন দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ডানপন্থী এবং বসতি স্থাপনের পক্ষের প্রার্থী গিডিওন সেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষণ সংস্থা পিচ নাউ জানায়, সরকার পশ্চিম তীরে আরো দুই হাজার ১১২ ইউনিট এবং ইজরাইলের বর্ধিত এ নগরীর পূর্বাঞ্চলের পূর্ব জেরুজালেমে ৪৬০ ইউনিট বসতি স্থাপনের জন্য বর্তমানে দরপত্র আহ্বান করেছে। কিন্তু এই পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী বানানোর আশা করে।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর থেকেই ইজরাইল পশ্চিম তীর দখল করে রয়েছে এবং তারা সেখানে বসতি স্থাপনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি করে চলেছে, বিশেষ করে ২০০৯ সাল থেকে নেতানিয়াহুর নেতৃত্বে।

প্রায় ২৮ লাখ ফিলিস্তিনের মধ্যে পশ্চিম তীরে বর্তমানে প্রায় সাড়ে চার লাখ ইহুদি বসবাস করছে।

এদিকে ইজরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এসব বসতি স্থাপনকে একটি বড় বাধা হিসেবে দেখছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।

আগের সংবাদফরিদপুরে বাস উলটে নিহত ৩
পরবর্তি সংবাদ২৫ জনকে টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে