‘ট্রেন চলেছে,ট্রেন চলেছে,ট্রেনের বাড়ি কই ?’

কাজী মাহবুবুর রহমান ঃ 

ট্রেন ছিল আমার কাছে এক অজানা বিস্ময়ের নাম। প্রথম ট্রেন দেখি সম্ভবত ষোল বছর বয়সে। এর আগে ট্রেন দেখেছি ক্যালেন্ডারের ছবিতে, বইয়ের পাতায়। টেলিভিশনেও দেখেছি। ঈদের আগে রাস্তাঘাটের যানজট সংক্রান্ত সংবাদে টিভিতে ট্রেনের ছবি আসত। বিচিত্র কারণে ট্রেনের প্রতি একরকম কৌতূহল ছিল আমার।

ঢাকায় এসেই মনে মনে প্ল্যান করেছিলাম ট্রেনে চড়ব। একবার শিশুপার্কের কৃত্রিম ট্রেনে চড়ে আসলাম। খুব আস্তে চলে। আমার ট্রেন ভালো লাগে মূলত তার ছন্দ ও অপ্রতিরোধ্য গতির কারণে। দানবের মত যেন চোখ বেঁধে চলে ট্রেন। তার এই শক্তির প্রতিই আমি দূর্বল। সত্যি সত্যি ট্রেনে চড়া হয় ঢাকায় আসারও তিনবছর পর। আমার খুব কাছের এক বন্ধুর বাড়ি ময়মনসিংহ। তার কাছে ট্রেনের অনেক গল্প শুনি। ট্রেনের প্রায় সব শিডিউল তার মুখস্থ। ট্রেনের কত কত স্মৃতি মনে করে সে হাসতে হাসতে গড়াগড়ি খায়। আমার এসব শুনে মনে হয় জীবনটাই বৃথা। কৌতূহল তীব্র হতে থাকে।

এক ঈদের ছুটিতে প্ল্যান করে ওর সঙ্গে চলেই গেলাম কমলাপুর। ও বলল, তুমি আমাদের বাসায় যেতে চাইলে চলো তোমাকে বাসে করে নিয়ে যাই। ট্রেনে এখন বাড়ি যাওয়া ছোটখাটো একটা যুদ্ধের সমান। আমি বললাম, চলো যুদ্ধ করেই যাব। বেচারা হতাশ হয়ে টিকিট কাটল। সিট নেই। দাঁড়িয়ে যেতে হবে। অন্তত চার ঘন্টার রাস্তা। বন্ধু আবারও বলল চলো নেমে যাই, টাকা গেছে যাক। আমি নামলাম না।

ট্রেনে ভিড় আছে। তবে যুদ্ধের সমান না। মোটামুটি ভিড়। আমি বললাম, তুমি হুদাই ভয় পাইলা মিয়া। ভিড় কই? তুরাগের চেয়ে কম ভিড়। বন্ধু জবাব দিল না। বিমানবন্দর স্টেশনে এসে ট্রেন থামল। এবং মুহুর্তের ভেতর মনে হল, অবেলায় নিদ্রায় থাকা সবুজ কেয়ারীর স্বপ্ন যেন ভেঙে গেল। ট্রেনের দরজা জানালা দিয়ে হুড়মুড় করে মানুষ উঠতে শুরু করল। এক পর্যায়ে দমবন্ধ হবার যোগাড় হল।

কোথায় কী আছে সব ভুলে গিয়ে শুধু অক্সিজেনের চিন্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম। ট্রেন চলতে শুরু করলে আস্তে আস্তে সহনীয় হল কিছুটা। কিন্তু পরের স্টেশনেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রতি স্টেশনেই কিছু মানুষ ওঠে। খুব অল্পই নামে। সারাপথ নিজেকে তিরস্কার করতে করতে গেলাম। সে এক অন্যরকম স্মৃতি। এখন মনে পড়লে হাসি পায়। আবার ভালোও লাগে। কত অভিজ্ঞতায় ঋদ্ধ হচ্ছে জীবন।

ট্রেনে ভ্রমন করা প্রত্যেকের এই সংক্রান্ত কিছু গল্প ও স্মৃতি থাকে।  অবসরে এসব গল্প মাথায় ঘুরঘুর করতে থাকে। বিশেষ করে থার্ড ক্লাস বগিগুলি যেন হয়ে ওঠে জীবন্ত উপন্যাস। কত মানুষ! তবুও প্রত্যেকেরই রয়েছে পৃথক গল্প, ঠিকানা ও পরিচয়।

আগের সংবাদযে জিকিরগুলো নামাজের পর আদায় করবেন
পরবর্তি সংবাদবিশ্বের প্রভাবশালী ১০ মুসলিম ব্যক্তিত্ব; জরিপ