
ওমর ফারুক:
তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসন ও ওলামায়ে কেরামের অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে আগামী ২৮ জুলাই রাজধানীর মুহাম্মদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের শীর্ষ আলেম ওলামা ও তাবলীগী সাথীদের ‘ওয়াজাহাতি জোড়’ । সারাদেশ থেকে তাবলীগের প্রতিনিধিত্বকারী আমির,সাথী ও আলেম ওলামাদের এ জোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা ধারণা করছেন প্রায় ৫০ হাজার আলেম ওলামা ও তাবলীগের সাথী এ জোড়ে অংশগ্রহণ করবেন।
এ দিকে জোড় সফল করার জোরদার প্রস্তুতি চললেও অপর একটি মহল সা’দপন্থীদের প্ররোচনায় আসন্ন এ জোড়কে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকটি মিডিয়ায় মাওলানা সা’দপন্থী আলেম ও তাবলীগের সাথীরা এ জোড়ের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপপ্রচার মূলক বক্তব্য দিয়ে আসছেন। বুধবার দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে, ‘তাবলীগ জামাতকে রাজনীতিকরণ ও এর নেতৃত্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন জোড়ের আয়োজকরা।’
প্রতিবেদনটি মাওলানা সা’দপন্থীদের বক্তব্যে ভরপুর থাকলেও ওয়াজাহাতি জোড়ের আয়োজক কোনো আলেমের বক্তব্য এতে গ্রহণ করা হয়নি। পুরো প্রতিবেদনেই একচেটিয়া বক্তব্য প্রকাশ করা হয়েছে। এসব বক্তব্যকে মিথ্যা ও অপবাদমূলক বলে মনে করছেন আলেম ওলামা ও আয়োজকরা।
‘তাদের কাছে সত্যের কোনো আলো না থাকায় তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। দৈনিক যুগান্তরের প্রতিবেদনটিও তারই অংশ বিশেষ।’ ওয়াজাহাতি জোড়ের আয়োজকদের কয়েকজন এমনটাই মনে করেন।
ওয়াজাহাতি জোড় নিয়ে অপপ্রচার ও যুগান্তরে প্রকাশিত এ প্রতিবেদন বিষয়ে কথা হয় ওয়াজাহাতি জোড়ের আয়োজক কমিটির সদস্য, আল মানহাল মডেল কওমী মাদরাসা উত্তরা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম ঢাকা উত্তর জোনের যুগ্ম আহ্বায়ক মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সঙ্গে। তিনি ফাতেহ২৪ কে বলেন, এ ধরণের অভিযোগের মাধ্যমে অনেকটা ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করা হচ্ছে। এটা দুঃখজনক। তাবলীগ হচ্ছে দ্বীন ও কুরআন হাদীসের বিষয়। কুরআন হাদীসই তাবলীগের একমাত্র মানদণ্ড। দ্বীনের কোনো বিষয়ে মতানৈক্য তৈরি হলে কুরআন হাদীসই এর সমাধান। এভাবেই দালিলিক আলোচনায় সামনে এগুতে হবে। অথচ দুঃখজনক হলেও সত্য যে, আজ পর্যন্ত ওয়াসিফ সাহেবসহ মাওলানা সা’দের পক্ষাবলম্বনকারীরা কুরআন হাদীসের মাধ্যমে মাওলানা সা’দের কথা সঠিক বা আলেম ওলামাদের অবস্থান বেঠিক এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তারা আলোচনার টেবিলেও বসতে চায় না। ওলামাদের এ দৌড়ঝাপ ও নির্ঘুম রাত্রীর পরিশ্রমকে তারা একটা কথা দ্বারাই দূরে ঠেলে দিচ্ছে যে, এটা রাজনীতিকরণের চেষ্টা। এর বাইরে তাদের কোনো যুক্তি নেই।
মুফতী কেফায়াতুল্লাহ আজহারী আরও বলেন, মাওলানা সা’দপন্থীরা শুধু তিনটি মৌলিক যুক্তি দিতে পারে। এটা রাজনৈতিক চেষ্টা,পাকিস্তানপন্থী বা হেফাজতিকরণের চেষ্টা। অথচ তাবলীগ সবাই করে। যারা হেফাজতে থাকবে তারাও তাবলীগ করে, যারা আওয়ামী লীগ, বিএনপি করে তারাও তাবলীগ করে। তাবলীগ একটি আন্তর্জাতিক মেহনত। যারা বাংলাদেশে থাকে তারাও তাবলীগ করে, যারা পাকিস্তানে থাকে তারাও তাবলীগ করে, যারা ভারতে থাকে তারাও তাবলীগ করে। পৃথীবীর প্রায় প্রত্যেক দেশের কিছু মানুষ তাবলীগের সাথে জড়িত। ফলে এটাকে নির্দিষ্ট সীমানার সঙ্গে যুক্ত করা হচ্ছে কেন? এটা উদ্দেশ্যমূলক।
যে যে দলই করুক তাকে কুরআন হাদীসের আলোকেই তাবলীগ করতে হবে। আর এর সঠিক পন্থা নির্ধারণ করবেন, এতে নেতৃত্ব দিবেন ও ভূমিকা রাখবেন আলেম ওলামা ও মুফতিয়ানে কেরাম। এটা আল্লাহর রাসুলের হাদীস দ্বারা প্রমাণিত।
তিনি আরও বলেন, তাবলীগের কাজের ধারা নির্ধারণ মুফতি ও ওলামায়ে কেরামের জিম্মাদারি। এটা প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তারের কাজের জিম্মাদারির আওতায় পরে না। রাহবারি করবেন ওলামা, মুহাদ্দিস ও মুফতিরা। তারাই এ জিম্মাদারির কাজ আদায় করবেন। তিনি যেকোনো দেশে যেকোনো স্থানে বাস করতে পারেন। তিনি নির্ভরযোগ্য হলেই যথেষ্ট।
ওয়াজাহাতি জোড় বিষয়ে মাওলানা আজহারী বলেন, সবার জন্য এখানে দাওয়াত উম্মুক্ত। কে সা’দপন্থী আর কে সা’দ বিরোধী, এটা দেখার বিষয় নয়। সবাই এখানে আসতে পারে। আমরা বিদ্বেষমূলক জায়গা থেকে এ কাজ করছি না। আমরা চাই এ কাজের মাঝে কোনো গোমরাহি, ভ্রষ্টতা, ভেজাল না থাকুক। সারা বাংলাদেশের তাবলীগী সাথীরা আসুক, আবার যারা উলামায়ে কেরামের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তারাও যেন এখানে আসে। এখানে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেওয়া হবে না। আমরা সকলের কাছে মাওলানা সাদের গোমরাহীর বিষয়গুলো স্পষ্ট করে দিতে চাই। আশা করি এর মাধ্যমে সবাই বিষয়টি নিয়ে স্পষ্ট হবেন।
এদিকে দৈনিক যুগান্তরের রিপোর্টকে হলুদ সাংবাদিকতার অংশ হিসেবে বলে মনে করছেন ঢাকা মহানগরীর একজন নেতৃস্থানীয় আলেম। ফাতেহ২৪ কে তিনি বলেন, অনেক সংবাদমাধ্যম হলুদ সাংবাদিকতায় অভ্যস্ত হয়ে গেছে। হলুদ মিডিয়া সবসময় ইসলাম ও হকপন্থীদের বিরুদ্ধে দাঁড়ায়। আমি মনে করি, এটাও এরই অংশ। তাবলীগ ধ্বংস করার জন্য এটা তারা অপপ্রচার চালাচ্ছেন। আসন্ন ওয়াজাহাতি জোড়ে বাংলাদেশের অধিকাংশ ও জমহুর উলামারা একমত। ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দিবে এ ওয়াজাহাতি জোড়। বাংলাদেশের সকল জায়গায় এমন ওয়াজাহাতি জোড় হওয়া প্রয়োজন।
