
ফাতেহ ডেস্ক: তিন সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখা যাচ্ছে না। আচরণবিধি ভঙ্গের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ভোটারদের আস্থা নষ্ট হচ্ছে।
নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সরকারের সাথে বোঝাপড়া করা উচিত। যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় কে নেবে ? সেজন্য আগেই নির্বাচন কমিশনারকে নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করা উচিত।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ শীর্ষক রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন বিষয়ে সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পক্ষ থেকে একথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি জনগণের যে আস্থা গড়ে উঠেছিল, তা কমিশন ধরে রাখতে পারেনি। আগামী কয়েকমাস পর জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচনের আগে সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনের দিকে সারাদেশের মানুষের নজর থাকবে। এই তিনি সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের বার্তা দেবে। ফলে তিন সিটি নির্বাচন যদি গাজীপুর ও খুলনা সিটির মতো প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তা নেতিবাচক বার্তা দেবে।
ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো কিভাবে হচ্ছে সবাই দেখতে ও বুঝতে পারছেন। নতুন নতুন মডেলে নির্বাচন হচ্ছে। একসময় বলা হত মাগুরা মডেল; এখন কোন মডেলে নির্বাচন হচ্ছে তা গবেষণার বিষয়।
কিভাবে নির্বাচনের মডেল হচ্ছে তাও বলা যাচ্ছে না। তবে এতটুকু বলা যায়, নির্বাচন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নির্বাচন বড় ধরনের সহিংসতা না হলেও নির্বাচন সুষ্ঠু হচ্ছে না কেন- তা ব্যাখা করাও কঠিন। কখনও রাতে ভোট কারচুপি হচ্ছে, কখনও দিনে হচ্ছে, আবার ভোটার আসার আগেই ব্যালট শেষ হয়ে যাচ্ছে। এগুলো ইঙ্গিত করে নির্বাচন কিভাবে হচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, আবার দেখা যাচ্ছে নির্বাচনে কোনো প্রার্থী ২ লাখ ভোট পেয়েছেন; অথচ তিনি কোনো এজেন্ট দিতে পারেননি। যে প্রার্থী ২ লাখ ভোট পেয়েছেন, তিনি ৪শ এজেন্ট দিতে পারেননি, এটা বিশ্বাসযোগ্য নয়।
আবার কোনো প্রার্থী ১ লাখ ৭ হাজার ভোট পেয়েছেন, কিন্তু তিনিও একশ জন এজেন্ট দিতে পারেননি। এটা কোন মডেল নির্বাচন? এটা কি ভয়ের মডেল, না নতুন মডেল- তার কোনো ব্যাখা নেই। এটা কোনো ভয়-ভীতির কারণে হচ্ছে, নাকি মানুষ ভোটের প্রতি উদাসীন হয়ে পড়ছে, নাকি একটি বিশেষ দল আগ্রাসী হয়ে পড়ছে যেখানে অন্য কোনো দল যেতে পারছে না?
