অভিজিৎ হত্যা মামলার রায় ১৬ ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক:

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আগামী ১৬ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ তারিখ নির্ধারণ করেন।

দুই পক্ষের যুক্ততর্ক শুনানি শেষে বিচারক রায়ের দিন ধার্য করেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম সারোয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা অভিজিৎ রায়কে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন এ ব্যাপারে অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর ২০১৯ সালের ১৩ মার্চ ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম। মামলায় ৩৪ জনকে সাক্ষী করা হয়।

গত ১১ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন। ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

মামলার আসামিরা হলেন- মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির, মো. আরাফাত রহমান ও শফিউর রহমান ফারাবি।

আগের সংবাদমিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৩
পরবর্তি সংবাদমিয়ানমারে ফেসবুক বন্ধের নির্দেশ