মঙ্গলের কক্ষপথে প্রবেশ করল আমিরাতের মহাকাশযান ‘আমাল’

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের মহাশূন্য অভিযানের প্রথম মিশনে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে দেশটির অনুসন্ধানী মহাকাশযান ‘আমাল’ (আশা)। সাত মাসের দীর্ঘ ৪৯৪ মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর আরব আমিরাতের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭.৪২ মিনিটে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে আমাল। খবর আল জাজিরা।

আমালের মঙ্গলে প্রবেশের পর মিশন প্রকল্পের ম্যানেজার ওমরান শারাফ ঘোষণা করেন, ‘আমিরাত, আরব ও মুসলিম জাতিগুলোর সব জনসাধারণের প্রতি ঘোষণা, আমরা মঙ্গলের কক্ষপথে পৌঁছেছি।’

মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে আমালকে তার মোট আট শ’ কেজি জ্বালানির অর্ধেকেই পুড়িয়ে শেষ করতে হয়েছে, যাতে মঙ্গলের অভিকর্ষের শক্তি মোকাবেলা করে আমাল মঙ্গলের কক্ষপথে আবর্তনে সক্ষম হয়।

আমাল এক মঙ্গলবর্ষ বা ৬৮৭ দিন লাল এই গ্রহের কক্ষপথে অবস্থান করবে। তিনটি বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করে এই সময়ের মধ্যে অনুসন্ধান যানটি মঙ্গলের বায়ুমণ্ডলের তথ্য জরিপ করবে। ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে সংগৃহীত তথ্য পৃথিবীতে পাঠানো শুরু করবে আমাল।

মঙ্গলবারের এই সাফল্যের মাধ্যমে পঞ্চম দেশ হিসেবে মঙ্গল গ্রহে পৌঁছালো সংযুক্ত আরব আমিরাত।

আগের সংবাদশ্রীলঙ্কায় মুসলিমদের লাশ দাহ : জাতিসঙ্ঘে ব্রিটেনের মুসলমানদের অভিযোগ
পরবর্তি সংবাদমাওলানা জসীম উদ্দীনের উপর হামলায় ইত্তেহাদের নিন্দা ও প্রতিবাদ