করোনাভাইরাসের টিকা নিলেন সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেয়া শেষে তিনি সবাইকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন।

দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তারা জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে শনিবার মোট ২৬ টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য অসামরিক ব্যক্তি টিকা নেন।

আগের সংবাদমিয়ানমারে রাতভর অভিযান, দিনভর বিক্ষোভ
পরবর্তি সংবাদআন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের পূর্ণাঙ্গ কমিটি