
ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কৃঞ্চপুর এলাকায় বিএনপি’র নেতা ও আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার কৃঞ্চপুর এলাকায় দলিয় কর্মীসভা চলছিলো। কর্মীসভা চলাকালীন দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের প্রায় অর্ধশত সন্ত্রাসী বিএনপির কর্মীসভায় অতর্কিত হামলা চালায়। তারা প্রাইভেট কারসহ ছয়টি যানবাহন ভাঙচুর করে এবং ১৭টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনায় আজাদসহ অন্তত ১৫ আহত হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতৃবৃন্দ।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে সন্ত্রাসীরা সটকে পড়ে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মোটর সাইকেল আগুনে পুড়েছে। আর আহত হয়েছে একজন।
