রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চল তৃতীয়বারের মতো প্লাবিত

ফাতেহ২৪ ডটকম চট্টগ্রাম প্রতিনিধিঃ

২৪ জুলাই, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে দিনব্যাপী ভারী বর্ষণে রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চল তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে ইতিমধ্যেই উপজেলার অধিকাংশ গ্রাম কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে উপজেলার শত শত পুকুরের মাছ। বিশেষত মাছ চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাজ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার পানি প্রবেশ করায় নিয়মিত ক্লাস বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার অন্তত ২০টি অভ্যন্তরীণ সড়ক।

সূত্রে জানা যায়, মধ্য রাত থেকে মঙ্গলবার দিনব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে ইতিমধ্যেই উপজেলার পারুয়া, স্বনির্ভর রাঙ্গুনিয়া, বেতাগী, পদুয়া, শিলক ইউনিয়নসহ রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। পদুয়া ইউনিয়নের রাজার হাট কোমর সমান পানিতে তলিয়ে গেছে। শিলক খালের খুরুশিয়া ব্রীজ পানির চাপে দুইদিকে এপ্রোচ সড়ক ডুবে চরম ঝুকিঁতে পড়েছে। পশ্চিম খুরুশিয়া সড়ক, এডভভোকেট নুরুচ্ছাফা তালুকদার সড়ক বিধ্বস্ত হয়ে শিলক খালের পানিতে বিলীন হয়ে ধলিয়া খালের সাথে একাকার হয়ে গিয়েছে।এছাড়াও জয়নগর, সারাশীয়া, হরিহর এলাকাতেও আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ভারী বৃষ্টিতে অতিরিক্ত পানির কারণে উপজেলার নিম্নাঞ্চলের প্লাবিত হয়ে পারুয়া ও মরিয়মনগর ডিসি সড়ক, কালিন্দীরাণী সড়কের অনেক স্থানেই রাস্থার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুয়া সাহাব্দিনগর স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এসব এলাকার গ্রামীণ অবকাঠামো ভেঙ্গে পড়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশংকায় চরম উৎকন্ঠায় রয়েছে এলাকাবাসী।

 

আগের সংবাদকাবুলে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৫
পরবর্তি সংবাদকোরআনের দৃষ্টিতে সফলতার কিছু আমল