
ফাতেহ ডেস্ক:
বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশ করতে হলে ২৩টি শর্ত মানতে হবে দলটিকে।দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয়।
এর আগে গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি।
সেই আবেদনের প্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।
ঢাকার কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি নেতাদের পাশাপাশি বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তাবিথ আউয়ালকে ও প্রকৌশলী ইশরাক হোসেনকে। তারা ইতোমধ্যে থানা-ওয়ার্ড নেতাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন।
