
ফাতেহ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দনপুরের হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), সদর উপজেলার কাউসার মিয়া (২৪) ও জোবায়ের (১৪)।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুস শামস ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মিয়া ও জোবায়ের নামে দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়া নামে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
