
ওমর ফারুক
পাকিস্তানের জাতীয় পরিষদের আসনে ইসলামি দলগুলো খুব একটা ভালো ফলাফল দেখাতে না পারলেও পাঞ্জাব এসেম্বলির একটি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুয়াবিয়া আজম। তিনি পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিপাহে সাহাবায়ে পাকিস্তানের সাবেক প্রধান মাওলানা আজম তারেকের ছেলে ও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের প্রধান। তিনি পাঞ্জাব প্রদেশের (পিপির-১২৬ আসন) জং থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ।
মাওলানা মুয়াবিয়া আজম ৬৫ হাজার ২৫২ ভোট পেয়েছেন। তার বিরোধী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩২ হাজার ৭৭৪ ভোট। এদিকে পাঞ্জাব প্রদেশে সরকার গঠনে হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে তেহরিকে ইনসাফ ও মুসলিম লীগ-এন। তাই তারা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। পাঞ্জাব এসেম্বলি থেকে তেহরিকে ইনসাফ ও মুসলিম লীগ-এন এর কেউ সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য তাদের স্বতন্ত্র প্রার্থীরাই ভরসা।
দু’দল থেকেই বিজয়ী প্রার্থী মাওলানা মুয়াবিয়া আজমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে যে দলই তাকে মন্ত্রীত্ব দিবে সে দলের সঙ্গে মিলেই পার্লামেন্টে যাবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। সূত্র: ডেইলি পাকিস্তান।
