
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। খবর আল জাজিরার।
ইজরাইলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পরে এক বিবৃতিতে ইজরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০ টি আগুন বেলুন ছোড়া হয় ইজরাইলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।
এরআগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইজরাইল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইজরাইলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।
