মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক:

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক ও প্রধান মুফতি আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. একজন শীর্ষ ইসলামী আইনশাস্ত্রবিদ ছিলেন। বর্ণাঢ্যময় কর্মজীবনে তিনি হাটহাজারী ছাড়াও পাকিস্তানের জামিয়া বানূরী টাউন করাচীতে দীর্ঘকাল প্রধান মুফতীর দায়িত্ব পালন করেছেন। উর্দূ ভাষায় তাঁর রচিত গবেষণাধর্মী গ্রন্থগুলোকে এখনো পাকিস্তানে ব্যাপক মূল্যায়ন হয়। তাঁর রচিত গ্রন্থাবলীর মধ্যে পাঁচ খণ্ডে “জাহিরুল ফাতাওয়া” এক অনবদ্য ফতোয়াগ্রন্থ।

ঐক্যজোট নেতৃদ্বয় বলেন, আজ সকালে মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী তিনি আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর স্থলাভিষিক্ত হিসেবে মহা-পরিচালক নির্বাচিত হন। এর এক ঘণ্টা পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁর এই আলেম বান্দাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

আগের সংবাদতালেবানের তত্ত্বাবধায়ক সরকারে কে কোন দায়িত্ব পেলেন
পরবর্তি সংবাদ৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ হাইকোর্টের