
এ আই মুহসিন:
ভুলে যাওয়াটা আজকাল অভ্যাসে পরিণত হয়ে গেছে
রোজ কতবার তোমার ভাবনায় জেগে ওঠে মন
ভাবি, আর ফাঁকি দেবো না,
খানিক পরেই ভুলে যাই—বেড়ালের তওবার মতোন
আমার কি হতে পারে না এমন একটি নিজস্ব পাখি
যে মিষ্টি সুরে শিস দেবে তোমার নামে
ঠিক যেন গ্রামবাংলার শান্ত দোয়েল পাখিটি—
যে ভোরের স্নিগ্ধতায় মিশিয়ে দেয় সুরের সৌরভ
জানি, তুমি চাইলে সব হবে—
সে আসবে, ভালোবাসবে—পাল্টে যাবে জীবন
আমার কোনো ঝিঁঝিঁপোকার দরকার নেই
অনধিকারচর্চা বরাবরই অসহ্য লাগে
চাইলে একটি ময়না দিতে পারো অথবা টিয়া
—দেবে প্রভু!
আমি তো মহাপুরুষ নই যে, সবকিছু সাধনার মাধ্যমে স্বাভাবিক করে নেবো
ছন্দহীন জীবন বয়ে বেড়ানো খুব কঠিন
তুমি জানো, তবু কেন এই অবহেলা!
ছন্দ দাও প্রভু, মুক্তি দাও আমায়—এই অসম্ভব যন্ত্রণা থেকে!
