অব্যক্ত পঙক্তিমালা

যুবায়ের ফাইয়েজ জুবু:

তোমারে তো বলা হয় নাই—

যেদিন তোমারে দেখা মিস করি
শুধু মনে হতে থাকে
কোনোকিছু নাই
দাফন শেষের গোরস্তানের মতো ফাঁকা

মনে হতে থাকে
স্বাভাবিক জীবনের ছুটে গেছে কিছু
নামাজের ওয়াজিব ছুটে যাওয়ার মতোন

*
তোমারে তো বলা হয় নাই—

বলবো বলে যে কথা
দুধের সরের মতো তুলে রেখেছি
শাটলের ভিড়ে
সিট হারানোর মতো হারায়ে ফেলেছি সে সব
ভাবি শুধু তোমারেই বলবো
ফতেহপুরের মন্দির পেরোয়ে

পথের দুধারে কাশফুলের মতো ফুটে থাকা
সাদা সহজ কথাগুলো
নিজের গোপনে যা
তুলে রেখেছি টিউশনে দেয়া খাবারের মতো
সকলকে জানায়ে সে কথা
বসন্তের পাখির মতো উড়ে গেছে শাটলের হুইসেল

*
তোমারে তো বলা হয় নাই—

সুকন্যা ম্যামের কানে
পরীক্ষার তারিখের মতো
ঝুলে থাকা ঝুমকোর কথা

কাটা পাহাড়ে মুখে
শীতের সমস্ত বাতাস
নতুন বউয়ের মতো ঘোমটা করে
রিকশার হুড তুলে বসে থাকার কথা

কিন্তু ভেবে তো রেখেছিলাম
বিনম্র সঙ্গীতের সুরে
একদিন বলবো সবকিছু

সেন্ট্রাল ফিন্ডের মতো খোলা হৃদয়ে

*
ভাবি— প্রান্তরের ছোট ছোট
হাওয়াদের ভিড়ে বসে থেকে
তুমি তো দেখো নাই
সন্ধ্যার বিনম্র অন্ধকারে
এতিম মেয়েছেলের দাঁড়ায়ে থাকার মতো

কলা ঝুপড়ির মুখ
ভেবে ভেবে রাখি
তোমারে একদিন দেখায়ে আনবো
ভার্সিটিতে ভর্তির পর
বড় ভায়েরা ঘুরে ঘুরে
যেভাবে দেখায় সুন্দরী মেয়েদের পুরো ক্যাম্পাস

*
তোমারে তো বলা হয় নাই—

গোপনে— বড় ভাইদের থেকে
শিট সংগ্রহ করে রাখার মতো
প্রচুর কথা— তুলে রেখেছি
ভাবি একদিন বলে দেবো সব
লেডিস ঝুপড়ির দোকান
খুলে বসার মতো— মন খুলে
তবু কোনোদিন বলা হবে না

কারণ
ডিপার্টমেন্টের কিছু কিছু মেয়ে
কাটা পাহাড়ের রাস্তার মতোন সবার পছন্দের!

*
তোমারে তো বলা হয় নাই—
তোমার সাথে
কথা বলার
সুযোগ তালাশ করি
শবে কদরের রাত্রি তালাশের মতোন

*
তোমারে তো বলা হয় নাই —
তোমার চলে যাওয়া
বিশেষ কোনোদিনে
আম্মার বাড়িতে না থাকার মতো করুণ

*
তোমারে তো বলা হয় নাই—
তোমার হাসি মুখের দিকে
তাকায়ে থাকি
কুরআন খুলে তাকায়ে থাকার মতোন

*
তোমারে তো বলা হয় নাই—
তোমার
অভিমান
ভালো লাগে
সুরা ইখলাসের মতো দৈর্ঘ্যের— তাই

*
তোমারে তো বলা হয় নাই—
তোমার হাসির আবেশ
ছড়ায়ে থাকে
বোধের ভিতর
রাতা ধানের গন্ধের মতোন

আগের সংবাদএকটি নিজস্ব পাখির প্রার্থনা
পরবর্তি সংবাদবাংলাদেশী বাংলা : আবুল মনসুরের সাংস্কৃতিক প্রকল্প