ইজরাইলি কারাগার থেকে পালানো আরও ২ ফিলিস্তিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক:

কারাগার থেকে পালানো আরও দুই ফিলিস্তিনি বন্দিকে আটকের দাবি করেছে ইজরাইল। এর আগে আটক করা হয় চারজনকে। গত ৬ সেপ্টেম্বর উচ্চ নিরাপত্তা সম্পন্ন গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যান ওই ছয় ফিলিস্তিনি। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের ইতিহাসে এটি অন্যতম একটি দুঃসাহসিক ঘটনা।

ইজরাইলি পুলিশ টুইটারে জানায়, রোববার (১৯ সেপ্টেম্বর) পশ্চিম তীরের জেনিন শহরের একটি বাড়ি থেকে দুই বন্দি নায়েফ কামামজি ও মুনাদেল ইয়াকুব ইনফেইয়াতকে আটক করা হয়।

ইজরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রাই বলেন, ওই দুই বন্দি একটি বাড়িতে ছিলেন। নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা খবর পেয়ে বাড়িটিকে ঘিরে রাখেন। পরে তারা আত্মসমর্পন করেন। তিনি টুইটারে ওই দুই বন্দির ছবিও প্রকাশ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত ৬ সেপ্টেম্বর গিলবোয়া কারাগার থেকে পালান ওই ছয় বন্দি। এ ঘটনায় নড়েচেড়ে বসে ইসরায়েল। বন্দি পালানোর ঘটনা তদন্তে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে উঠে আসে, বন্দিরা যখন পালিয়ে যান, তখন নিরাপত্তাকর্মীরা ঘুমাচ্ছিলেন।

আগের সংবাদ‘ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে আরও দেশকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র’
পরবর্তি সংবাদবিশ্বের নিরাপদ নগর সূচকে ঢাকা ৫৪তম