
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে এ বছরের রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরল এক আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে অং সান সু চিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।
আইনগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও, রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। এ প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের ১১৯ দেশ সমর্থন জানিয়েছে। শুধু বেলারুশের বিপক্ষে ভোট দিয়েছে। অপর ৩৬ দেশ ভোটদানে বিরত থেকেছে, যার মধ্যে রয়েছে রাশিয়া ও চীন- যে দুটি দেশ মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে।
জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলফ স্কোগ বলেছেন, এই প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা, তাদের ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের জনগণের ওপর সহিংসতাকে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আড়াল থেকে এসব বিষয় বিশ্বের নজরে আনা হয়েছে।
ওই অভ্যুত্থানের পর থেকেই ৭৫ বছর বয়সী মিজ সু চি গৃহবন্দি রয়েছেন এবং তার সম্পর্কে এর পর থেকে খুব কমই জানা গেছে। এর মধ্যে শুধু তাকে আদালতে হাজির হতে দেখা গেছে।
