ডা. মুরাদের বিদেশযাত্রা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এগুলো আমার মনে হয় সব পিএমের সিদ্ধান্ত। এগুলো আমার জানা নেই। উনি বিদেশে থাকবেন নাকি স্বদেশে থাকবেন, এটি উনার এখতিয়ারের ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নাই।’

অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অপরাধে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ ডিসম্বের) ডা. মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

এদিকে গত সোমবার (৬ ডিসেম্বর) ডা. মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ডা. মুরাদ হাসান পদত্যাগ করেছেন।

আগের সংবাদজামিনে মুক্তি পেলেন খেলাফতের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের
পরবর্তি সংবাদ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না