
ফাতেহ ডেস্ক:
সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় সরকারি কর্মকর্তাদের মধ্যে বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনার প্রবণতা দেখা যাচ্ছে। তা রোধ করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে।
১৪ ডিসেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, ঢালাও বিদেশ ভ্রমণ ও যানবাহন কেনা যাবে না। শুধু জরুরি ও অপরিহার্য প্রয়োজনে বিদেশ যাওয়া যাবে।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার ক্ষেত্রে মিতব্যয়িতার কারণে গত অর্থবছর সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছিল।
চলতি ২০২১-২২ অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জন্য যা বরাদ্দ দেওয়া হয়েছে, কোনোভাবেই তার অতিরিক্ত ব্যয় দাবি করা যাবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে গত জুলাই মাসে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।
নতুন পরিপত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরের বাকি সময় উন্নয়ন ব্যয়ের টাকা অব্যবহৃত থাকলে তা কোনোভাবেই পরিচালন বাজেটে নেওয়া যাবে না।
