জাবিতে মসজিদ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

ফাতেহ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন ঝুকিপূর্ণ মসজিদ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাবি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘মসজিদের ফাটল দিন দিন বড় হচ্ছে। সবাই আতঙ্কে আছি, কখন এটি ধসে পড়ে। মুসল্লীরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারছে না। আমরা চাই মসজিদটি অতি দ্রুত পুনর্নির্মাণ করা হোক।

জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ১৯৯০ সালে মসজিদটি তৈরি করা হয়। তার ঠিক এক বছর পরই প্রথম ফাটল দেখা দেয়। গত চার-পাচঁ বছর ধরে আমরা নতুন মসজিদ ভবন নির্মাণে বার বার দাবি তুলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিয়েই সময় ক্ষেপণ করছে। আমরা দাবি জানাচ্ছি একমাসের মধ্যে নতুন ভবনের কাজ শুরু করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, এখানে যে দাবিগুলো তোলা হয়েছে সবগুলোই যৌক্তিক। আমিও চাই দ্রূত সময়ের মধ্যে মসজিদটি নির্মাণ করা হোক।

জাবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রফ্রন্ট জাবি শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

আগের সংবাদআশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৭০