
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে দেশটিজুড়ে ত্রাণ অভিযান শুরু করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের আদেশে এই অভিযান চালানো হচ্ছে বলে শনিবার দেশটির রাষ্ট্রীয় গেজেটে জানানো হয়।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আইন-৫৯০২ এর অধীন ২৩ ধারা অনুসারে তুর্কি প্রেসিডেন্ট এই নির্দেশনা দেন বলে জানানো হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক দফতরকে (এএফএডি) এই ত্রাণ সহায়তা অভিযান সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়।
আফগানিস্তানে ত্রাণ অভিযানের জন্য তুরস্কের প্রাদেশিক গভর্নর দফতর, মিউনিসিপালিটি, অন্যান্য সরকারি দফতর ও সংস্থায় সহায়তা গ্রহণ করা হবে এবং তা সরাসরি প্রকৃত অভাবগ্রস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া হবে বলে গেজেটে জানানো হয়।
এর আগে গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট আফগানিস্তানে জরুরি সহায়তা সরঞ্জামবাহী ‘ত্রাণ ট্রেন’ পাঠানোর ঘোষণা দেন। ১০ এনজিও সংস্থার সহায়তায় এই ট্রেনে সাত শ’ টন খাবার, পোশাক, স্বাস্থ্য ও জরুরি সহায়তা বিষয়ক সরঞ্জাম পাঠানো হচ্ছে।
