
ফাতেহ ডেস্ক:
ছাত্রীর সঙ্গে অনৈতিক ফোনালাপের অডিও ফাঁস হওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের চেয়ারম্যান এইচ এম আনিসুজ্জামানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিভাগের ডিন মো. মোজাহার আলীকে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৩ জানুয়ারি কৃষি বিভাগের চেয়ারম্যান এইচ এম আনিসুজ্জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার দপ্তরে বিভাগের শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগের মধ্যে আছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নম্বরপত্রে গরমিল করা, উত্তরপত্রে নিজের ইচ্ছামাফিক নম্বর বসিয়ে দেওয়া, শিক্ষাসফরের অর্থনৈতিক অনুদান ও হিসাব–নিকাশে অস্বচ্ছতা, ছাত্রছাত্রীদের পরীক্ষায় অনুত্তীর্ণ করানোর হুমকি দেওয়া।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে এইচ এম আনিসুজ্জামানের আপত্তিকর ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
