বিকল্প ছাত্র আন্দোলনের গন্তব্য কোথায়?

খসরু খান:

রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কাজ করতে পারছে না। রাজনৈতিক-অরাজনৈতিক কোনো ইস্যুতেই না। শুধু সরকার দলীয় ছাত্রসংগঠনই বিভিন্ন শিক্ষাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এ যেন এক বন্ধ্যা সময়। এ পরিস্থিতির মধ্যেই বিকল্প ছাত্র আন্দোলনের একটি ধারা প্রবল প্রতাপ নিয়ে সামনে চলে এসেছে। রাজনৈতিক দল ও ইস্যুর সঙ্গে এ ধারাটির কোনো সংযোগ পাওয়া যায়নি। সর্বশেষ বেপরোয়া বাস চালনায় ঢাকার কুর্মিটোলায় দুজন কলেজ ছাত্রের মৃত্যুতে এ আন্দোলন এখন তুঙ্গে। চতুর্থ দিনে গড়ালেও রাস্তা ছাড়ছে না স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।

২৯ জুলাই বাসচাপা দিয়ে ‘ছাত্র হত্যার’ ঘটনায় অনুর্ধ্ব ২০ বছর বয়সী সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে। তাদের দাবি, হত্যাকারী চালক ও সহযোগীদের বিচার, সড়কের নিরাপত্তা, পরিবহন সেক্টরের নেতা ও দুর্বৃত্ত চালকদের সাফাই গাওয়া এক মন্ত্রীর পদত্যাগ। স্কুল- কলেজের ইউনিফর্ম পরে রাস্তায় অবস্থান নেওয়া হাজার হাজার ছাত্রের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের ছাত্রদের দেখা যাচ্ছে না।

এই বিকল্প ছাত্র আন্দোলনের শুরুটা এখানেই হয়নি। চার মাস আগে চাকরিতে ৫০+ কোটা সংস্কার ও তা ১০ ভাগে কমিয়ে আনার দাবিতে ছাত্ররা রাস্তায় নামে। পুলিশ এবং পুলিশের পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় তাদের ওপর হামলা করে। ওই নেতাদের বিরুদ্ধে মামলাও হয়। কাউকে কাউকে গ্রেফতারও করা হয়। আন্দোলন চলাকালে সিনিয়র এক মন্ত্রী জাতীয় সংসদে আন্দোলনকারী ছাত্রদেরকে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেওয়ায় আন্দোলন আরো তুঙ্গে ওঠে।

এক পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সব রকম কোটা বাতিল ঘোষণা করেন। একটি কমিটি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। নির্দিষ্ট সময়ের পর কমিটি গঠন না হলে ছাত্ররা আবার রাস্তায় নামে। তখন সরকারী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা লাঠি-হাতুড়িসহ বিভিন্নভাবে আন্দোলনকারীদের বেদম মারধর করে। আর এর পরপরই প্রধানমন্ত্রী ঘোষণা দেন, মুক্তিযোদ্ধা কোটা কমবে না।

হামলা, মামলা, গ্রেফতার চললেও সে আন্দোলন একদম থেমে যায়নি। ৩১ জুলাই ওই আন্দোলনের একজন প্রহৃত নেতা নুরুল হক নুরু হাসপাতাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মিছিল করেন।

এরই মধ্যে চলছে কলেজ পর্যায়ের ছাত্রদের ‘সড়ক হত্যা ‘ বিরোধী এই আন্দোলন। একদম সাধারণ ছাত্রদের এই আন্দোলনে ঢাকার বহু জায়গায় রাজপথ স্থবির হয়ে যায়। তিন দিনে বেশ কিছু গাড়ী ভাংচুর হয়। মঙ্গলবার পুলিশের বেধড়ক লাঠিপেটা ও ছররা গুলিতে বহু ছাত্র আহত ও রক্তাক্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

মূলধারার বিরোধী ছাত্র সংগঠনগুলো যেখানে কোনো ভূমিকাই রাখতে পারছে না, সেখানে সাধারণ ছাত্ররা চাকরি ও নিরাপত্তার অধিকার নিয়ে কীভাবে রাস্তায় সাড়া ফেলে দিয়েছে? বিশ্লেষকরা এসব প্রশ্নের উত্তর খুঁজছেন। তবে কি রাজনীতি বা প্রতিবাদের শূন্যস্থান পূরণের কাজটিই এসব বিকল্প ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে? নাকি রাজনৈতিক ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছে। এ প্রশ্নও দেখা দিচ্ছে- তারুণ্যের ভেতরে কী ক্ষোভের ্ক্ষুদ্র ক্ষুদ্র ঘুন কাটাকুটি শুরু করেছে?

শক্তিধর ও সুসংগঠিত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো যখন নীরব ও কোনঠাসা তখন অসংগঠিত এই বিকল্প ছাত্র আন্দোলনের উত্থান নিয়ে সরকারের ভেতরেও শঙ্কা তৈরি হচ্ছে বলে স্পষ্টতই বোঝা যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে আগে হিসাব কিংবা অংকের বাইরে গজিয়ে ওঠা এই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা কিংবা আকস্মিকতা সরকারের সামনে আসলেই কি কোনো চ্যালেঞ্জ দাঁড় করাবে? অথবা এ জাতীয় পরিস্থিতি তৈরি হলে সরকার কীভাবে তা সামাল দিবে? এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

আগের সংবাদআসামে মমতার বিরুদ্ধে বিজেপি কর্মীর মামলা
পরবর্তি সংবাদঢাকার অন্যরকম এক সরাইখানায়